শিলদা ও কাপগাড়ী কলেজের পরিচালন সমিতির দায়িত্ব নিলেন বিধায়ক ডাঃ প্রণত টুডু

ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলার দুই কলেজের পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রণত টুডু। একই দিনে তিনি শিলদা কলেজ এবং কাপগাড়ী কলেজের পরিচালন সমিতির দায়িত্বভার গ্রহণ করেন।শিলদা কলেজে আয়োজিত অনুষ্ঠানে পরিচালন সমিতির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ডাঃ প্রণত টুডু। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলুই, উপাধ্যক্ষ ড. সুজাতা তেওয়ারি-সহ কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা।দায়িত্বভার গ্রহণের পর কলেজের শিক্ষা পরিকাঠামো, পঠনপাঠন এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আরও মানোন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস দেন ডাঃ প্রণত টুডু। কলেজের উন্নয়নে কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি জানান।এরপর একই দিনে কাপগাড়ী কলেজের পরিচালন সমিতির দায়িত্বভারও গ্রহণ করেন বিনপুরের বিধায়ক। দুটি কলেজের প্রশাসনিক ও শিক্ষাগত উন্নয়নে আগামী দিনে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।বিধায়কের এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে দুই কলেজেই শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। কলেজগুলির পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে তাঁর উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।