অমৃত ভারত স্টেশন প্রকল্পে বদলে যাচ্ছে মেদিনীপুর রেলস্টেশন, শেষ হয়েছে প্রায় ৫০ শতাংশ কাজ!
সেখ ওয়ারেশ আলী : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে মেদিনীপুর রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ। প্রায় ৫২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল রেলস্টেশন, যা সম্পূর্ণ হলে জেলার রেল পরিকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হবে। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই প্রকল্পের প্রায় ৫০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে যৌথভাবে পরিদর্শনে আসেন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত এবং দক্ষিণ-পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। তাঁরা নির্মাণকাজের বর্তমান অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দেন।
নতুন রেলস্টেশনে যাত্রীদের জন্য থাকছে একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাকক্ষ, আধুনিক টিকিট কাউন্টার, এসকেলেটর, লিফট, উন্নত যাত্রীসুবিধা এবং প্রতিবন্ধী-বান্ধব পরিকাঠামো। পাশাপাশি স্টেশন চত্বরকে আরও পরিচ্ছন্ন, সুসংগঠিত ও যাত্রীবান্ধব করে তুলতে ব্যাপক উন্নয়নমূলক কাজও চলছে।রেল কর্তৃপক্ষের লক্ষ্য, ২০২৭ সালের জুন মাসের মধ্যেই সমগ্র প্রকল্পের কাজ সম্পূর্ণ করা। প্রকল্প বাস্তবায়িত হলে শুধু মেদিনীপুর নয়, গোটা জঙ্গলমহল অঞ্চলের রেল যোগাযোগ আরও আধুনিক ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। ফলে বহু প্রতীক্ষিত নতুন রূপে মেদিনীপুর রেলস্টেশনকে দেখার অপেক্ষায় রয়েছেন জেলার সাধারণ মানুষ ও প্রতিদিনের হাজার হাজার যাত্রী।