বিদ্যুৎ বিভ্রাটেও থামবে না চিকিৎসা পরিষেবা—মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক জেনারেটর দিলেন বিধায়ক সুজয় হাজরা!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন সুজয় হাজরা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এই বিধায়কের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে একটি অত্যাধুনিক জেনারেটর সেট তুলে দেওয়া হলো মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আরোগ্য নিকেতন-এর হাতে।হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌ রায়, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলর মৌমিতা চৌধুরী, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, মিশনের সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজয় হাজরা বলেন, মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

মেদিনীপুরের মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ আগামী দিনেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।জানা গেছে, হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও রোগী পরিষেবা ইউনিটে বিদ্যুৎ বিভ্রাটের সময় যাতে চিকিৎসা পরিষেবায় কোনও বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই বিধায়ক তহবিল থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক জেনারেটর সেট প্রদান করা হয়েছে।