রাস্তার ধারে দাঁড়িয়েই ছাত্রদের স্কলারশিপ ফর্মে স্বাক্ষর, মানবিক উদ্যোগে প্রশংসিত চন্দ্রকোণার বিধায়ক সুকান্ত দোলুই!

সুমন মন্ডল : মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। রামজীবনপুরে একটি সরকারি কর্মসূচি শেষে ফেরার পথে রাস্তার ধারে অপেক্ষারত কয়েকজন ছাত্র-ছাত্রীর স্কলারশিপ আবেদনপত্রে তাৎক্ষণিকভাবে স্বাক্ষর করে তাঁদের সমস্যার সমাধান করে দেন তিনি।জানা যায়, রামজীবনপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার সময় কয়েকজন পড়ুয়া বিধায়কের গাড়ি থামিয়ে স্কলারশিপের ফর্মে স্বাক্ষরের আবেদন জানান। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিধায়ক কোনও দেরি না করে রাস্তার উপর দাঁড়িয়েই আবেদনপত্রে স্বাক্ষর করেন।সাধারণত এ ধরনের স্বাক্ষরের জন্য ছাত্র-ছাত্রীদের বিধায়কের কার্যালয়ে যেতে হয়। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াতের অতিরিক্ত খরচও বহন করতে হয়।

কিন্তু সেদিন ঘটনাস্থলেই ফর্মে স্বাক্ষর করে দেওয়ায় পড়ুয়াদের সেই ভোগান্তি থেকে রেহাই মিলেছে।বিধায়কের এই মানবিক আচরণে খুশি ছাত্র-ছাত্রীরা। তাঁদের বক্তব্য, "শুধুমাত্র একটি স্বাক্ষরের জন্য আর কার্যালয়ে ছুটতে হল না। বিধায়কের এই উদ্যোগ আমাদের সময় ও অর্থ—দুটোই বাঁচিয়েছে। সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়বদ্ধতার পরিচয় আমরা আজ সরাসরি পেলাম।"এ প্রসঙ্গে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, "ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের আবেদন শুধুমাত্র আমার স্বাক্ষরের অভাবে যেন কোনওভাবেই আটকে না থাকে, সেটাই আমার লক্ষ্য। তাঁদের প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। তাই রাস্তার উপর দাঁড়িয়েই তাৎক্ষণিকভাবে ফর্মে স্বাক্ষর করেছি।"বিধায়কের এই উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকের মতে, জনপ্রতিনিধিদের এমন জনমুখী ও মানবিক আচরণ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।