ফল প্রকাশের পরই প্রত্যাহার আদর্শ আচরণবিধি, স্বাভাবিক প্রশাসনিক কাজে ছাড় নির্বাচন কমিশনের!
নিজস্ব সংবাদদাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হল আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট (MCC)। ভারতের নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত উপনির্বাচনের ক্ষেত্রেও অবিলম্বে আচরণবিধির কার্যকারিতা শেষ হয়েছে।
তবে পশ্চিমবঙ্গের ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ জারি থাকায় সেখানে এখনও আদর্শ আচরণবিধি বহাল থাকবে বলে স্পষ্ট করেছে কমিশন।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর হয় আদর্শ আচরণবিধি। এই সময়সীমার মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কোনও নতুন প্রকল্প ঘোষণা, আর্থিক অনুদান প্রদান বা ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনও প্রশাসনিক পদক্ষেপ নিতে পারে না। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের উপরেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। ভোটগ্রহণ থেকে ফলপ্রকাশ পর্যন্ত গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকে।কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির রিটার্নিং অফিসাররা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সেই কারণেই অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নতুন সরকার ও প্রশাসন এখন থেকে স্বাভাবিক সরকারি কাজকর্ম, উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আর কোনও নির্বাচনী বিধিনিষেধের মুখে পড়বে না।