মাদার টেরিজার জন্মদিনে মানবতার বার্তা, পারুলিয়ায় রক্তদান শিবিরে ৮২ জনের রক্তদান!

নিজস্ব সংবাদদাতা : মানবতার মূর্ত প্রতীক মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পারুলিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরটি ছিল সংগঠনের দ্বিতীয় বর্ষের উদ্যোগ।শিবিরে ৬ জন মহিলা-সহ মোট ৮২ জন রক্তদান করেন। তাঁদের মধ্যে ২০ জন ছিলেন প্রথমবারের রক্তদাতা।

পাশাপাশি সদ্য ১৮ বছর পূর্ণ করা ১১ জন নবীন রক্তদাতাও এদিন রক্তদানের মাধ্যমে মানবিকতার নজির গড়েন।পারুলিয়া শ্রীশ্রী নিতাই গৌরাঙ্গ আশ্রমের প্রধান প্রেমানন্দ বাবাজি শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ব্যানার্জি, কেশপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক শান্তনু পাণ্ডা, বিশিষ্ট সমাজসেবী গৌতম পাল, উত্তম কোলে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী বক্তব্যে প্রেমানন্দ বাবাজি রক্তদানকে ‘প্রাণদান’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বছরভর পারুলিয়া যুব সংঘের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন তিনি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ব্যানার্জিও আগামী দিনে সংগঠনের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।