সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজ, কালীঘাটের বাড়ি থেকেই গ্রেপ্তার সুমিত রায়!
নিজস্ব সংবাদদাতা : সুমিত রায়ের গ্রেপ্তারিকে ঘিরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় কলকাতায়। সুপ্রিম কোর্ট আগাম জামিনের রক্ষাকবচ খারিজ করার পরই তাঁকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়ে ওঠে সিআইডি ও এসটিএফ। অল্প সময়ের মধ্যেই তদন্তকারী সংস্থার দল পৌঁছে যায় কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।১২১, কালীঘাট রোডের বাড়িটি ঘিরে তল্লাশি ও নজরদারি শুরু হয়। শেষ পর্যন্ত সেখান থেকেই সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়। শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে সিআইডি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়।এদিকে বিধানসভায় অধিবেশন চলাকালীন সুমিত রায়ের গ্রেপ্তারের খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। অধিবেশন কক্ষেই বিষয়টি জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, আগাম জামিনের আবেদন আদালতে খারিজ হওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে বুধবারের শুনানির পর বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। সেখানে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, শালবনিতে সরকারি জমি বিভিন্ন ব্যক্তির নামে মিউটেশন করিয়ে বেআইনিভাবে বিক্রির ঘটনায় সুমিত রায়ের ভূমিকা রয়েছে। জমির দালালদের জিজ্ঞাসাবাদে সুমিতের নাম উঠে এসেছে বলেও আদালতে দাবি করা হয়।দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই তাঁকে গ্রেপ্তারের পদক্ষেপ শুরু করে সিআইডি। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, শালবনি জমি মামলায় সুমিত রায়ের ভূমিকা এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা।