লোকসভায় রেল নীতিতে কেন্দ্রকে কড়া আক্রমণ জুন মালিয়ার, ‘বাংলা পড়ে আছে স্লো লাইনে’!

নিজস্ব সংবাদদাতা : লোকসভায় রেল মন্ত্রকের বরাদ্দ সংক্রান্ত আলোচনায় কেন্দ্রীয় সরকারের রেল নীতির বিরুদ্ধে তীব্র সুরে সরব হলেন মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ জুন মালিয়ার। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, Indian Railways দেশের জীবনরেখা হলেও বাস্তবে পরিষেবা ও উন্নয়নে বৈষম্য স্পষ্ট।সাংসদ জুন মালিয়ার অভিযোগ, উন্নয়নের বড় বড় ঘোষণা করা হলেও মাটিতে তার প্রতিফলন নেই। তাঁর কথায়, “প্রতিদিন কৃষক, ছাত্র, শ্রমিক, অ্যাথলিট থেকে জওয়ান—সবাই রেলের উপর নির্ভরশীল। অথচ বাস্তবে উন্নয়নের চিত্র একেবারেই অসম।”তিনি আরও দাবি করেন, অন্যান্য রাজ্যে রেল বরাদ্দ বহুগুণ বাড়লেও পশ্চিমবঙ্গে সেই বৃদ্ধি মাত্র তিনগুণ। গুজরাত, দিল্লি বা উত্তরপ্রদেশে দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলেও বাংলাকে কার্যত ‘স্লো প্যাসেঞ্জার লাইনে’ ফেলে রাখা হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, “যে বাংলা একসময় দেশের রেল ব্যবস্থার ভিত গড়ে দিয়েছিল, সেই রাজ্যই এখন অবহেলার শিকার।”Amrit Bharat Station Scheme প্রসঙ্গে তিনি বলেন, বাংলার ১০১টি স্টেশন উন্নয়নের অনুমোদন মিললেও কাজ সম্পূর্ণ হয়েছে মাত্র তিনটিতে। একইভাবে ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থার প্রসারও অত্যন্ত সীমিত বলে অভিযোগ তোলেন তিনি। বরাদ্দ থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে অর্থ খরচ না হওয়ায় যাত্রী পরিষেবার উন্নয়ন থমকে রয়েছে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি Mamata Banerjee-র নেতৃত্বে সড়ক, স্বাস্থ্য ও সামাজিক পরিকাঠামোয় অগ্রগতির উদাহরণ দেন। পাশাপাশি রেলমন্ত্রী হিসেবে মমতার আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে কেন্দ্রের সমালোচনায় সরব হন।এদিন জঙ্গলমহল এলাকায় হাতির করিডর দিয়ে যাওয়া রেলপথে দুর্ঘটনা রুখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবিও জানান জুন মালিয়া। পাশাপাশি বয়স্ক নাগরিক ও সাংবাদিকদের জন্য রেল টিকিটে ছাড় পুনরায় চালুরও জোর দাবি তোলেন তিনি।সব মিলিয়ে, লোকসভায় তাঁর এই বক্তব্য রেল নীতি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনকে আরও তীব্র করে তুলেছে।