বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নে এমআরসিসির প্রশিক্ষণ শিবির মেদিনীপুরে!
নিজস্ব সংবাদদাতা: অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন (এমআরসিসি)-এ শনিবার শুরু হল তিন দিনের সি আর ই (Continuing Rehabilitation Education) প্রশিক্ষণ শিবির। ভারত সরকারের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) অনুমোদিত এই কর্মশালা আগামী ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। অখণ্ড মেদিনীপুরের প্রাচীনতম বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এমআরসিসি-র পালবাড়ি ক্যাম্পাসে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা— বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর—সহ মহারাষ্ট্র ও রাজস্থান থেকে আগত প্রায় ৫০ জন ডি.এড (স্পেশাল) শিক্ষা ক্ষেত্রের শিক্ষক-শিক্ষিকা ও পেশাগত ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নিয়েছেন।
এই তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নানা বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা মোকাবিলার উপায় এবং আধুনিক শিক্ষণ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেবেন জগদীশ চন্দ্র মণ্ডল, অংশুমতি নন্দ-সহ মোট ১০ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা, সহ-সম্পাদক অমিত কুমার সাহু ও প্রশান্ত মহাপাত্র। উপস্থিত ছিলেন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর অরূপ ঘোড়া, শিক্ষক সঞ্জয় কুণ্ডু, সঞ্জয় মাইতি, শাশ্বতী দাস হাজরা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সনাতন হাজরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালা সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা আরসিআই (দিল্লি) নির্ধারিত ১৮ পয়েন্ট অর্জন করবেন, যা ভবিষ্যতে তাঁদের পেশাগত দক্ষতা ও কর্মজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই উদ্যোগকে ঘিরে শিক্ষা মহলে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া পড়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আরও দক্ষ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত সংশ্লিষ্ট মহলের।