প্যারিসের সাফল্যের পর হাঙ্গেরির আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে মুর্শিদাবাদের শিল্পী সোমনাথ বিশ্বাস!

নিজস্ব সংবাদদাতা: রঙে-তুলিতে ভারতীয় সংস্কৃতির গল্প, হাঙ্গেরিতে প্রশংসিত বাংলার শিল্পী সোমনাথ বিশ্বাস!আন্তর্জাতিক শিল্পমঞ্চে ফের উজ্জ্বল হয়ে উঠল বাংলার নাম। মুর্শিদাবাদের বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ের শিল্প শিক্ষক সোমনাথ বিশ্বাস বর্তমানে হাঙ্গেরির তিহানি (Tihany) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০ জন খ্যাতনামা শিল্পীর সঙ্গে তিনি এই মর্যাদাপূর্ণ সৃজনশীল কর্মশালায় অংশ নিয়েছেন। আগামী ১৮ জুন ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক শিল্পশিবির।

এর আগে চলতি বছরের ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত ফ্রান্সের প্যারিসে জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অসাধারণ শিল্পকর্ম নিয়ে একটি আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীটি শিল্পপ্রেমী, সমালোচক এবং দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভারতীয় শিল্পভাবনা ও নবীন শিল্পীদের সৃষ্টিশীলতা সেখানে বিশেষভাবে প্রশংসিত হয়।

প্যারিসে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে হাঙ্গেরির তিহানি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিল্পশিবিরে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, মানবিক মূল্যবোধ এবং সমকালীন ভাবনাকে ক্যানভাসে তুলে ধরছেন সোমনাথ বিশ্বাস। তাঁর শিল্পকর্মে রঙের অভিনব ব্যবহার, গভীর দর্শন এবং স্বতন্ত্র শিল্পভাষা আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

শিবিরে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও দর্শকদের কাছ থেকেও তাঁর কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভারতীয় শিল্প-সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যকে সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরায় সোমনাথ বিশ্বাসের এই সাফল্য মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।