বহরমপুরে তৃণমূল যুব সভাপতির বাগানবাড়িতে বুলডোজার, আদালতের রায়ের পর প্রশাসনের অভিযান!

নিজস্ব সংবাদদাতা : বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষের নামে পরিচিত একটি বাগানবাড়ি ভেঙে দিল প্রশাসন। বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদের সুড়সুড়ি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই নির্মাণ ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। আদালতের নির্দেশের পর শনিবার প্রশাসন বুলডোজার নিয়ে পৌঁছে গোটা কাঠামোটি ভেঙে গুঁড়িয়ে দেয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাগানবাড়িতে নিয়মিতভাবে পাপাই ঘোষ এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করতেন এবং বিভিন্ন সাংগঠনিক কাজ পরিচালনা করা হতো। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জায়গায় প্রায়শই তাঁর অনুগামীদের আনাগোনা থাকত এবং গভীর রাত পর্যন্ত সেখানে খাওয়া-দাওয়া ও আড্ডা চলত। এমনকি, এলাকার কিছু বাসিন্দার দাবি, ওই পরিবেশের কারণে বিশেষ করে রাতে ওই রাস্তা দিয়ে চলাচল করতে তাঁরা অস্বস্তি বোধ করতেন। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুরসভা সূত্রে দাবি, জমিটির প্রকৃত মালিক হাওড়া জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই সময় কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরবোর্ড জমির একাংশে শিশুদের জন্য একটি শিশু উদ্যান গড়ে তোলে। পরবর্তীকালে পুরবোর্ডের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হাতে এলে জমির অবশিষ্ট অংশ নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, নকল দলিলের মাধ্যমে ওই অংশ দখল করা হয়েছিল।