দাঁতনে নির্বাচনী ডিউটিতে রহস্যমৃত্যু! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে শোকের ছায়া!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী ডিউটিতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। সোমবার সকালে এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।মৃত জওয়ানের নাম আর. লালফাকওয়ামা (৩৯)। তাঁর বাড়ি মিজোরামে। পুলিশ ও বাহিনী সূত্রে জানা গিয়েছে, গত ৫ এপ্রিল লোকসভা নির্বাচনের দায়িত্বে একটি কেন্দ্রীয় বাহিনীর দলের সঙ্গে দাঁতনে এসেছিলেন তিনি। ৩১৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন লালফাকওয়ামা।জানা গেছে, দাঁতনে পৌঁছানোর পর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। সহকর্মীদের দাবি, প্রথম দিনেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ চলছিল এবং কিছুটা সুস্থতা ফিরলেও তাঁকে সক্রিয় ডিউটি থেকে বিরত রাখা হয়—বিশ্রামেই ছিলেন তিনি।সোমবার সকালে দীর্ঘ সময় কেটে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় সহকর্মীদের। কাছে গিয়ে তাঁরা দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘুমের মধ্যেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।