দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু
নিজস্ব সংবাদদাতা :দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও দাদু বিকাশ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা মদ্যপান করতেন এবং শিশুটিকে খুন করা হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির মা। তাঁর দাবি, কয়েক দিন ধরে শিশুটি অসুস্থ ছিল। ভোরে মেয়েকে নিস্তেজ অবস্থায় দেখতে পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও স্বামী রাজি হননি বলে অভিযোগ মায়ের।ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।