নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে খুনের প্রতিবাদে ‘কালা দিবস’, মেদিনীপুরে সরব মণীশ যাদব!

সেখ ওয়ারেশ আলী : নাকাশিপাড়ার নাগাদি বাজারে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হল জাতীয় কংগ্রেস। ১৬ই আগস্ট রবিবার পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি জানালেন AICC-র নিযুক্ত পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক তথা রাজস্থানের কংগ্রেস বিধায়ক মণীশ যাদব।এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণীশ যাদব।

সেখানেই নাকাশিপাড়ার জোড়া খুনের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার ঘটনায় শাসক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে।মণীশ যাদবের আরও অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই ধরনের ঘটনা বেড়েছে এবং দুষ্কৃতীরা কার্যত রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া মেলেনি।ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে জাতীয় কংগ্রেস ‘কালা দিবস’ পালন করছে বলেও জানান তিনি। পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন কংগ্রেস নেতা।মণীশ যাদব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। দলীয় নেতা ও তাঁর ছেলের হত্যার বিচার এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও জানান তিনি।