ভোটের আগে কড়া নিরাপত্তা বলয়ে খড়্গপুর, জোরদার নাকা চেকিংয়ে তৎপর পুলিশ-প্রশাসন!
অরিন্দম চক্রবর্তী : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে চলছে ব্যাপক নাকা চেকিং, যার ফলে রাতের খড়্গপুর এখন কার্যত নিরাপত্তার কড়া নজরদারিতে আবদ্ধ।বিশেষ করে খড়্গপুর টাউন এলাকা এবং তার আশেপাশে রাতের অন্ধকারে বাড়ানো হয়েছে টহলদারি। সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে নিয়মিতভাবে।
পাশাপাশি খড়্গপুর ও মেদিনীপুর রেলস্টেশনের প্রবেশদ্বারে যাত্রীদের লাগেজেও করা হচ্ছে কড়াকড়ি পরীক্ষা, যাতে কোনো অবৈধ বা সন্দেহজনক বস্তু বহন করা না হয়।প্রশাসন সূত্রে খবর, ভোটের আবহে রাজ্যে সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই বাড়তি সতর্কতা।
ইতিমধ্যেই জাতীয় সড়কগুলিতেও রাতভর নাকা চেকিং শুরু হয়েছে, যেখানে প্রতিটি গাড়ি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।পুলিশের এই কড়া পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়লেও, কিছু ক্ষেত্রে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। তবে প্রশাসনের স্পষ্ট বার্তা—নির্বাচন শান্তিপূর্ণ ও নির্ভয়ে সম্পন্ন করতেই এই কঠোর ব্যবস্থা।