নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসি রানি রথ, মিছিল করে জমা দিলেন মনোনয়ন!

প্রশান্ত দাস : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ। প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেন হাসি রানি রথ। মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম বিধানসভার অন্যতম প্রসিদ্ধ জানকীনাথ মন্দিরে গিয়ে পুজো দেন তিনি।মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন বিজেপি প্রার্থী।

হাসি রানি রথ বলেন, দলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী করা হলেও নন্দীগ্রামের সংগঠন ও কর্মীরা তাঁর পাশে রয়েছেন। সকলের সহযোগিতা নিয়ে নন্দীগ্রামের মানুষকে সঙ্গে করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য, চলতি বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিনের মাথায় মৃত্যু হয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের। তাঁর মৃত্যুকে ঘিরে সেই সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। বর্তমানে ওই মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে হাসি রানি রথের মনোনয়ন জমা দেওয়ার দিনেই চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনার পিছনে ‘ভাইপো গ্যাং’-এর যোগ রয়েছে এবং অভিযুক্তদের দুই কোটি টাকা দেওয়া হয়েছিল।শুভেন্দু অধিকারীর দাবি, তিনি একাধিক কল রেকর্ডিং শুনেছেন, যেখানে ঘটনার নেপথ্যে ‘ভাইপো’ ও তাঁর ঘনিষ্ঠদের যোগ থাকার ইঙ্গিত রয়েছে।

যদিও এই অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হওয়ার বিষয়।চন্দ্রনাথ রথের মৃত্যুর তদন্ত যেহেতু এখনও সিবিআইয়ের হাতে রয়েছে, তাই তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের। এরই মধ্যে নন্দীগ্রাম উপনির্বাচনে হাসি রানি রথের প্রার্থীপদকে ঘিরে নির্বাচনী লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে।