উচ্চ মাধ্যমিকে রাজ্যে চতুর্থ অর্কদ্যুতি ধর, উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন!
নিজস্ব সংবাদদাতা : উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে নজর কেড়েছেন অর্কদ্যুতি ধর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অর্কদ্যুতি মোট ৪৯৩ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছেন। তাঁর বাবা অনিন্দ ধর এবং মা সুদেষ্ণা ধর। মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁদের পুরোনো বাড়ি ছিল ।বিষয়ভিত্তিক নম্বরেও ছিল অর্কদ্যুতির অসাধারণ সাফল্য। পদার্থবিজ্ঞানে ১০০-র মধ্যে ১০০, রসায়নে ৯৮ এবং গণিতে ৯৭ নম্বর পেয়েছেন তিনি। তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে বিদ্যালয় মহলেও।বছরের পর বছর ধরে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই ঐতিহ্যকেই আরও উজ্জ্বল করল। ফল প্রকাশের দিন সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তনীদের ভিড় চোখে পড়ে। ছাত্রদের সাফল্যের খবর সামনে আসতেই মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন সকলে।শিক্ষামহলের মতে, শুধুমাত্র পড়াশোনায় নয়, চরিত্র গঠন ও মূল্যবোধের শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়ার ফলেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ধারাবাহিকভাবে সাফল্যের শিখরে পৌঁছতে সক্ষম হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসে এবং প্রতিবছরই অসাধারণ ফল করে বিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখে। অর্কদ্যুতি ধর-সহ এবারের কৃতী ছাত্রদের এই সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।