জাতীয় স্তরে স্বীকৃতি, সেরা জেলা ম্যাজিস্ট্রেটদের অন্যতম বিক্রম কৈরি

আহমদ হুসাইন লস্কর : ফেম ইন্ডিয়া ও এশিয়া পোস্টের জাতীয় স্তরের সমীক্ষায় দেশের সেরা জেলা ম্যাজিস্ট্রেটদের তালিকায় জায়গা করে নিলেন আসামের কাছাড় জেলার সন্তান বিক্রম কৈরি। ২০১৪ ব্যাচের এই আইএএস আধিকারিকের প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছ কর্মপদ্ধতি এবং জনকল্যাণমূলক প্রকল্পের সফল বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।কাছাড় জেলার উদরবান্ধ এলাকার মাঝাগ্রাম চা বাগানের বাসিন্দা বিক্রম কৈরি সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের কঠোর পরিশ্রম ও মেধার জোরে ভারতীয় প্রশাসনিক পরিষেবায় জায়গা করে নেন। তিনি বরাক উপত্যকার চা-জনগোষ্ঠী সম্প্রদায়ের প্রথম আইএএস আধিকারিক হিসেবেও ইতিহাস গড়েছেন।জওহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করা বিক্রম কৈরি কর্মজীবনে একাধিক জেলায় প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। বিশেষ করে ডিব্রুগড়ের জেলা প্রশাসক হিসেবে তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়। সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, ডিজিটাল প্রশাসনের প্রসার এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁর উদ্যোগ প্রশাসনিক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।তাঁর অসামান্য প্রশাসনিক অবদানের জন্য ২০২৫ সালে আসাম সরকারের তরফে তাঁকে মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়।বিক্রম কৈরির এই সাফল্যে খুশির হাওয়া বরাক উপত্যকা জুড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ তাঁর এই কৃতিত্বকে আসামের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। যুব সমাজের কাছে তিনি এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।