রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে জাতীয় স্তরের সেমিনার, অংশ নিলেন শতাধিক গবেষক ও পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের জাতীয় স্তরের সেমিনার। কলেজের ইতিহাস বিভাগ এবং IQAC-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল — “Ideas and Thoughts in Colonial and Post Colonial Bengal”। সেমিনারকে ঘিরে শিক্ষামহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।এই একদিনের জাতীয় স্তরের সেমিনারের উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রূপকুমার বর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা ড. স্বপ্না ঘোড়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রোজিৎ কুমার পালিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. সুজয়া দে সরকার।সেমিনারের আহ্বায়িকা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপিকা ড. মিতা বিশ্বাস এবং অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন অধ্যাপিকা ড. রশ্মি মুখার্জি। অনুষ্ঠানে ঔপনিবেশিক ও উত্তর-ঔপনিবেশিক বাংলার সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।আয়োজকদের তরফে জানানো হয়েছে, মোট সাতটি সাব-থিমের উপর ভিত্তি করে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চারটি বিশ্ববিদ্যালয়, ১৪টি কলেজ এবং একটি স্কুলের মোট ১৫৬ জন অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক ও ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে মোট ৫৮টি গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হয়।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইতিহাস চর্চার মাধ্যমে বর্তমান সমাজ ও রাজনৈতিক ভাবনাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়। এই ধরনের একাডেমিক আলোচনা গবেষণার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করে।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল অতিথি, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপিকা তথা সেমিনারের কনভেনার ড. মিতা বিশ্বাস।