ঝাড়গ্রাম জেলা আদালতে জাতীয় লোক আদালত, একদিনে নিষ্পত্তি ১২৩৬ মামলা!
নিজস্ব সংবাদদাতা : দ্রুত ও পারস্পরিক সম্মতির মাধ্যমে মামলার নিষ্পত্তির লক্ষ্যে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত। এদিন মোট ১২৩৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। বিভিন্ন মামলায় বকেয়া ও অর্থদণ্ড বাবদ মোট ৮৮ লক্ষ ১৩ হাজার ৮১৫ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার জেলা ও দায়রা বিচারক তথা ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সরজিৎ মজুমদার। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের (NALSA) নির্দেশিকা অনুযায়ী এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এদিন মোট সাতটি বেঞ্চ গঠন করা হয়। সেখানে জেলা আদালতের ছয়জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্ররা উপস্থিত ছিলেন। বাদী ও বিবাদী উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিভিন্ন মামলার নিষ্পত্তি করা হয়।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী জানান, সাতটি বেঞ্চে মোট ২৯৮৩টি মামলা ছিল। তার মধ্যে আদালতে বিচারাধীন মামলা-সহ মোট ১২৩৬টি মামলার নিষ্পত্তি হয়েছে।নিষ্পত্তি হওয়া মামলাগুলির মধ্যে ছিল ব্যাঙ্কের ঋণখেলাপি সংক্রান্ত মামলা, ফিনান্স সংস্থার প্রি-লিটিগেশন মামলা, আদালতের বকেয়া, বিদ্যুৎ দফতরের মামলা, বিএসএনএল বিল, জিআর, এনজিআর-সহ একাধিক বিষয়।
এসব মামলার মাধ্যমে মোট ৮৮ লক্ষ ১৩ হাজার ৮১৫ টাকা আদায় হয়েছে।প্রসঙ্গত, সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তির উদ্দেশ্যেই লোক আদালতের আয়োজন করা হয়। সাধারণ আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিরোধ মেটানোর সুযোগ থাকায় লোক আদালতকে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হয়।সারা দেশে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। একদিনের এই বিশেষ আদালতে বিপুল সংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ পান সংশ্লিষ্ট পক্ষগুলি।