নেপালে সেতু ভেঙে বিপর্যয়, তারপর থেকেই নিখোঁজ বাঁকুড়ার অশোক—‘একবার শুধু জানান, ভালো আছে’!

নিজস্ব সংবাদদাতা : নেপালের রাসুয়া এলাকায় প্রবল জলের তোড়ে সেতু ভেঙে পড়ার ঘটনার পর থেকেই নিখোঁজ বাঁকুড়ার ইন্দপুরের মধুনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল। নেপালের ওই এলাকায় একটি পাওয়ার প্রজেক্টে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোকের কর্মস্থল ছিল সেতু ভেঙে পড়া এলাকার কাছেই। ওই পাওয়ার প্রজেক্টে প্রায় ৪০ জন কর্মী কাজ করতেন। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে পরিবারের দাবি।অশোক পালের বোন কবিতা দাস জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ দাদার সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। সেই সময় অশোক শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও ডিউটিতে রয়েছেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় ফের ফোন করার কথা ছিল। কিন্তু এরপর আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।কবিতা দাসের কথায়, “কেউ দাদার কোনও খবর দিতে পারছে না। আমরা শুধু জানতে চাই, ও ভালো আছে। ও ঠিক আছে—এইটুকু খবর পেলেও আমরা শান্তি পাব।”পরিবারের দাবি, যে এলাকায় সেতু ভেঙে পড়েছে, ঠিক তার কাছাকাছিই অশোক কর্মরত ছিলেন। ফলে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর পরিবারের আশঙ্কা আরও বেড়েছে।নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে প্রিয়জনের কোনও খবর না পেয়ে উৎকণ্ঠায় প্রহর গুনছে অশোক পালের পরিবার। দ্রুত উদ্ধারকারী সংস্থার মাধ্যমে তাঁর সন্ধান মিলবে—এই আশাতেই অপেক্ষা করছেন আত্মীয়-পরিজনরা।