পরিবহণে নতুন দিগন্ত: কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালা-২ প্রকল্পে যুক্ত বাংলা

অভিজিৎ সাহা: রাজ্যের পরিবহণ ও বন্দরভিত্তিক পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বৃহস্পতিবার তিনি জানান, কলকাতায় প্রথমবারের মতো চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাগরমালা-২ প্রকল্পের সঙ্গেও যুক্ত হচ্ছে বাংলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে। এবার ১৮তম শহর হিসেবে এই তালিকায় নাম যুক্ত হতে চলেছে কলকাতার। হুগলি নদীকেন্দ্রিক এই আধুনিক জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াত আরও দ্রুত, সহজ এবং পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। ওয়াটার মেট্রো মূলত নদী, খাল ও অন্যান্য জলপথ ব্যবহার করে পরিচালিত আধুনিক নৌ-পরিবহণ ব্যবস্থা। সড়কপথের চাপ কমানোর পাশাপাশি এটি কম দূষণকারী এবং স্বল্প সময়ে যাত্রী পরিবহণে সক্ষম। প্রতিদিন হুগলি নদী পেরিয়ে যাতায়াত করা লক্ষাধিক মানুষের জন্য এই পরিষেবা বিশেষ সুবিধা বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে পর্যটন শিল্পেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলা যুক্ত হচ্ছে কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী সাগরমালা-২ প্রকল্পের সঙ্গে। বন্দর, শিপিং, লজিস্টিকস এবং আমদানি-রপ্তানি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে গৃহীত এই প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি, বন্দরভিত্তিক শিল্পের সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে। পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং বাণিজ্যিক পরিকাঠামোর প্রসারের মাধ্যমে বাংলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেও মত সংশ্লিষ্ট মহলের।