পথ নিরাপত্তায় নতুন বার্তা, গোলাপ হাতে সচেতন করল খড়গপুর ট্রাফিক পুলিশ!
অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্যোগে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে খড়গপুর টাউন ট্রাফিক গার্ডের উদ্যোগে ইন্দা মোড়ে অনুষ্ঠিত হয় এক অভিনব সচেতনতামূলক অভিযান।অভিযানে হেলমেট পরে বাইক চালানো মোটরবাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে, হেলমেট ছাড়া বাইক চালিয়ে আসা চালকদের হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং নিজের ও অন্যের জীবন সুরক্ষায় পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।শুধু সচেতনতাই নয়, হেলমেটবিহীন চালকদের কাছ থেকে হেলমেট না পরার কারণ জানতে চেয়ে লিখিত মুচলেকাও নেওয়া হয়। পরে সেই মুচলেকাগুলি নিজ হাতে ‘ট্রাফিক সচেতনতা শপথ দেওয়াল’-এ লাগিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকার করানো হয়।পুলিশের কাছ থেকে গোলাপ ফুল পেয়ে বাইক আরোহী তন্ময় সরদার বলেন, “ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরা উচিত। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে যায়। সকলেরই এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।”জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।