নিউট্রাসিউটিক্যালস গবেষণায় নতুন সম্ভাবনা, বেলদা কলেজে শুরু জাতীয় সম্মেলন!
নিজস্ব সংবাদদাতা : নিউট্রাসিউটিক্যালস গবেষণার উদীয়মান প্রবণতা এবং পুষ্টিবিজ্ঞান ও শিল্পক্ষেত্রের মেলবন্ধন নিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সম্মেলন।ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ (DBT)-এর আর্থিক সহায়তায় বেলদা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল বিষয়— ‘নিউট্রাসিউটিক্যালস গবেষণার উদীয়মান প্রবণতা: পুষ্টিবিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন’।বেলদা কলেজে আয়োজিত এই জাতীয় সম্মেলনকে ঘিরে শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, বেলদা কলেজের অধ্যক্ষ চন্দ্রশেখর হাজরা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার কলেজের থিয়েটার হলে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। শনিবার, ২৫ জুলাই পর্যন্ত চলবে এই জাতীয় স্তরের সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিষয় বিশেষজ্ঞ ও গবেষকরা পুষ্টিবিজ্ঞান এবং সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় ঘটিয়ে গবেষণার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।নিউট্রাসিউটিক্যালস ক্ষেত্রে সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। গবেষণা ও শিল্পের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি এই ক্ষেত্রের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করবেন বিশেষজ্ঞরা।