পুজো-পাঠে সূচনা, কর্মীদের ভিড়ে জমজমাট বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন চন্দ্রকোনা রোডে!
অভিজিৎ সাহা : রাজ্যে পালাবদলের পর নতুন রাজনৈতিক সমীকরণের আবহে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার অন্তর্গত চন্দ্রকোনা রোডে উদ্বোধন হলো বিজেপির শালবনী মন্ডল ২-এর নতুন কার্যালয়। বিজেপি সরকার গঠনের মাত্র ১২ দিনের মাথায় এই কার্যালয় উদ্বোধনকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।শালবনী মন্ডল ২-এর সভাপতি পলাশ সেনের নেতৃত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুজো-পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা ধীমান কোলে, প্রণব ঘোষ, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী ১ মন্ডলের সভাপতি সুশান্ত কারক এবং শালবনী ২ মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো বলেন,“রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে বিজেপিকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব মাথায় রেখেই আমরা মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ শুরু করেছি। শালবনী মন্ডল ২-এর এই নতুন কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়া শোনার একটি কেন্দ্র হয়ে উঠবে। কর্মীদের ঐক্য ও নিষ্ঠাই আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে।”তিনি আরো বলেন, "জনগনের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য সপ্তাহে একদিন চন্দ্রকোনা রোডের এই কার্যালয়ে আমার বসার ইচ্ছা রয়েছে ।"শালবনী মন্ডল ২-এর সভাপতি পলাশ সেন বলেন,“দীর্ঘদিন পরে এলাকার সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। নতুন সরকার গঠনের পর সংগঠনকে আরও শক্তিশালী ও মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়েই এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হলো। কর্মীদের উৎসাহ ও সাধারণ মানুষের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আগামী দিনে শালবনী এলাকায় উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।”নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। দলীয় নেতৃত্বের বক্তব্য, সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই নতুন কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।