ভোটার তালিকা থেকে নাম বাদ, উত্তপ্ত কালিয়াচকের মোথাবাড়ি–সুজাপুর! বিচারকদের ঘিরে বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উদ্ধার ৭ জন!
নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকা থেকে একাধিক নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। সকাল গড়াতেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েত ছড়িয়ে পড়ে মোথাবাড়ির বিভিন্ন প্রান্তে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা আপাতত থমথমে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্বস্তি এখনও কাটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। মোথাবাড়ি, সুজাপুর-সহ কালিয়াচকের একাধিক অংশে দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ ও স্লোগানবাজির ঘটনা সামনে আসে।
Kaliachak Mothabari অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বিচার বিভাগীয় আধিকারিকদের বের করে আনার সময় বিক্ষোভের মধ্যে অন্তত চারজন আহত হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, কালিয়াচকের দপ্তরে আটকে পড়া সাতজন বিচারককে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার করে নিরাপদে বের করে আনে। জাতীয় সড়কে অবরোধ থাকায় মূল রাস্তা এড়িয়ে মালদা–মোথাবাড়ি রাজ্য সড়ক ব্যবহার করে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই উদ্ধার অভিযানের পরও এলাকায় টানটান উত্তেজনা বজায় রয়েছে।পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।ভোটের মুখে ভোটার তালিকা বিতর্ক ঘিরে কালিয়াচকের এই অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপ বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন নজর—উত্তেজনা কত দ্রুত নিয়ন্ত্রণে আসে।