নির্বাসনের অধ্যায় পেরিয়ে কলকাতায় তসলিমা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা!
নিজস্ব সংবাদদাতা : প্রায় ১৯ বছর পর আবার কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার পর দীর্ঘদিন পশ্চিমবঙ্গে তাঁর প্রবেশ হয়নি। বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস—উভয় সরকারের আমলেই তিনি রাজ্যে ফিরতে পারেননি। সেই সময় তাঁর একটি মেগা ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং বই প্রকাশের অনুষ্ঠানও বাতিল করা হয়েছিল।১লা আগস্ট শনিবার এবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানায় ‘সেকুলার মিশন’ নামে একটি সংগঠন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনের হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে। প্রত্যেকেরই বাক্স্বাধীনতার অধিকার রয়েছে।
আজ সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন এখানে এসেছেন এবং নিজের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, নতুন সরকারের অধীনে পশ্চিমবঙ্গে মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে ভয় বা ভীতির রাজনীতি চলবে না, সেই সময় অতীত।”দীর্ঘদিন পর কলকাতায় ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তসলিমা নাসরিন। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়।” পাশাপাশি তিনি জানান, দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে দাঁড়াতে পেরে তিনি আবেগাপ্লুত।তসলিমার কথায়, “আজ আমি কলকাতায় ফিরে এসেছি—এই একটি বাক্য উচ্চারণ করতে আমার ১৯ বছর লেগে গেল। প্রতিদিন নিজের ঠিকানা হারানোর যন্ত্রণা আমি অনুভব করেছি।” তাঁর এই বক্তব্যে দীর্ঘ নির্বাসন জীবনের বেদনা এবং কলকাতার প্রতি তাঁর আবেগ স্পষ্ট হয়ে ওঠে।