ভোটের পরই রক্তাক্ত রাজ্য: মধ্যমগ্রামে গুলিতে খুন শুভেন্দুর ঘনিষ্ঠ, চাঞ্চল্য!
নিজস্ব সংবাদদাতা : ভোট মিটতেই রাজ্যে শুরু হয়েছে হিংসার আবহ—আর তারই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।জানা গিয়েছে, ৭ই মে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন, তখন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়ি দাঁড় করিয়ে গুলি চালাতে শুরু করে। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় কালো স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ ও তাঁর চালক।
সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় গুরুতর জখম হন দু’জনই। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। আহত গাড়িচালক বর্তমানে চিকিৎসাধীন।সূত্রের খবর, চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন এবং সর্বক্ষণ তাঁর সঙ্গেই থাকতেন। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পাশাপাশি এয়ারপোর্ট থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, খতিয়ে দেখা হচ্ছে হামলার নেপথ্যে কারা জড়িত এবং এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না।ভোট-পরবর্তী পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।