চায়ের ঠেক থেকে আসামি পাকড়াওয়ে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
নিজস্ব সংবাদদাতা : গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে আসামিকে ধরতে গিয়ে হামলার মুখে পড়লেন পুলিশকর্মীরা। পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত নিজের এলাকার একটি চায়ের দোকানে রয়েছেন। এরপরই সেখানে পৌঁছে পুলিশ আজমতকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করে।অভিযোগ, সেই সময় আচমকাই কয়েক জন স্থানীয় বাসিন্দা পুলিশকে ঘিরে ধরে বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়েই পুলিশের হাত থেকে পালিয়ে যায় অভিযুক্ত আজমত শেখ।ঘটনায় এক পুলিশ আধিকারিক-সহ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে চিরুনি তল্লাশি চালায়। রাতভর অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত আজমত শেখ। তাঁর পাশাপাশি হামলায় জড়িত আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।