শোভাবাজার রাজবাড়িতে ‘ওগো আমার আগমনী’, নৃত্যের ছন্দে মাতল বনেদিয়ানা!
নিজস্ব সংবাদদাতা : ২ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়িতে নৃত্যভূমির নিবেদনে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান ‘ওগো আমার আগমনী’। দুর্গাপুজোর আবহ, আগমনী সুর এবং বাংলার চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ধরা পড়ে উৎসবের আমেজ।কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে শোভাবাজার রাজবাড়ির পুজো অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী। সেই ঐতিহ্যের আবহেই নৃত্য ও সংস্কৃতির মেলবন্ধনে বিশেষ মাত্রা পায় এদিনের অনুষ্ঠান।
অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে নিয়ে উপস্থিত ছিলেন অদ্বিতীয়া নৃত্য শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা প্রিয়াঙ্কা ভদ্র। ছোট ছোট শিশুদের পাশাপাশি এই নৃত্য শিক্ষা কেন্দ্রের প্রায় ২০ জন নৃত্যশিল্পী এদিন মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরেন।তাঁদের প্রত্যেকের গল্পও ছিল কিছুটা আলাদা। সংসার, সন্তান এবং অফিসের দায়িত্ব সামলে নৃত্যের প্রতি ভালোবাসাকে আঁকড়ে ধরে মঞ্চে ওঠার স্বপ্ন দেখেছেন তাঁরা।
সেই স্বপ্নকেই বাস্তবের মঞ্চে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এই অনুষ্ঠান।শিশুদের নিষ্পাপ পরিবেশনা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক শিল্পীদের আত্মবিশ্বাসী নৃত্য—সব মিলিয়ে ‘ওগো আমার আগমনী’ হয়ে ওঠে আবেগ, ঐতিহ্য ও শিল্পসাধনার এক সুন্দর মিলনমেলা। শোভাবাজার রাজবাড়ির ঐতিহাসিক পরিবেশে নৃত্যের এই আয়োজন দর্শকদের মধ্যেও তৈরি করে বিশেষ উচ্ছ্বাস।সংসার ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও যাঁরা নৃত্যের চর্চা চালিয়ে যাচ্ছেন, তাঁদের মঞ্চে তুলে ধরার এই উদ্যোগ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণার গল্পও হয়ে রইল।