ইরান সংঘাতে তেলের বাজারে আগুন, ভারতের জন্য রাশিয়ার বড় স্বস্তির বার্তা!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম এশিয়ায় ইরান যুদ্ধের জেরে যখন গোটা বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা চরমে, তখন ভারতের জন্য বড় স্বস্তির বার্তা দিল রাশিয়া। জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারতকে অতিরিক্ত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) সরবরাহ বাড়াতে প্রস্তুত বলে জানাল মস্কো। ভারত সফরে এসে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস ম্যানটুরভ স্পষ্ট জানিয়েছেন, রুশ সংস্থাগুলির কাছে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ও LNG মজুত রয়েছে। বর্তমান বৈশ্বিক সঙ্কটের আবহে ভারতের চাহিদা মেটাতে সেই সরবরাহ দ্রুত বাড়ানো সম্ভব। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, নয়াদিল্লি ও মস্কোর কৌশলগত জ্বালানি সম্পর্ক আরও গভীর হতে চলেছে। শুধু জ্বালানি নয়, কৃষিক্ষেত্রেও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। ম্যানটুরভ জানিয়েছেন, ২০২৫ সালের শেষভাগের মধ্যে ভারতে মিনারেল ফার্টিলাইজার সরবরাহ ৪০ শতাংশ বৃদ্ধি করেছে রাশিয়া। পাশাপাশি ইউরিয়া উৎপাদনের জন্য যৌথ প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে।পরমাণু শক্তির ক্ষেত্রেও ভারত-রাশিয়া সহযোগিতা অব্যাহত। নির্ধারিত সময়সূচি মেনেই কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নতুন ইউনিট নির্মাণের কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি। এর ফলে ভবিষ্যতে ভারতের বিদ্যুৎ নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে চাপ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এই পরিস্থিতিতে রাশিয়া বিকল্প ও নির্ভরযোগ্য জ্বালানি উৎস হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সাময়িক ছাড় এবং পশ্চিম এশিয়ার অনিশ্চয়তার আবহে ভারত আগামী দিনে রাশিয়া থেকে আরও বেশি তেল আমদানি করতে পারে। এতে দেশের জ্বালানি সুরক্ষা যেমন বাড়বে, তেমনই মূল্যবৃদ্ধির চাপও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।