এক ক্লিকেই বিধায়কের দপ্তরে অভিযোগ, মেদিনীপুরে চালু ‘আমার বিধায়ক’ অ্যাপ!
সেখ ওয়ারেশ আলী : বাড়িতে বসেই জানানো যাবে সমস্যা, মেদিনীপুরে চালু ‘আমার বিধায়ক’ অ্যাপ!মেদিনীপুর বিধানসভার সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য করতে ডিজিটাল উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘আমার বিধায়ক’ পোর্টাল ও মোবাইল অ্যাপ, যা মেদিনীপুর বিধানসভা এলাকায় জনসংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভার বাসিন্দারা বাড়িতে বসেই সরাসরি বিধায়কের দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন নাগরিক সমস্যার অভিযোগ বা আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি সরকারি ও জনকল্যাণমূলক প্রকল্প, বিভিন্ন পরিষেবা এবং বিধায়কের উদ্যোগে গৃহীত কর্মসূচির তথ্যও সহজেই পাওয়া যাবে এই অ্যাপে।
বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত জানান, প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের কাছে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, “জনগণের সমস্যার সমাধান এবং জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ আরও সহজ করতেই ‘আমার বিধায়ক’ অ্যাপ চালু করা হয়েছে। এখন এক ক্লিকেই মানুষ তাঁদের অভিযোগ, পরামর্শ বা প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন।”
স্থানীয়দের একাংশের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও মজবুত হবে এবং বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির পথও সুগম হবে। জনপরিষেবা ও জনসংযোগের ক্ষেত্রে ‘আমার বিধায়ক’ অ্যাপ মেদিনীপুরে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করছেন অনেকেই।