গোপন সূত্রে অভিযান, তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল রিভলভার ও গুলি
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার শ্রীচন্দনপুর এলাকায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময় ধৃত তৃণমূল নেতা খলিল মল্লিকের বাড়ি থেকে একটি নাইন এমএম রিভলভার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঘটনার পরই খলিল মল্লিককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের ৩/২৫ (১বি) (এ) ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ নতুন নয়। বিজেপি নেতা অরূপ দাস কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।