ইন্দাসে ‘সেবা সেতু’ ক্যাম্পে উপচে পড়া ভিড়, একসঙ্গে মিলছে একাধিক পরিষেবা

প্রেমচাঁদ ফৌজদার:পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাঁকুড়ার ইন্দাস ব্লকে আয়োজিত ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পকে ঘিরে ব্যাপক সাড়া দেখা গেল। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ইন্দাস ব্লকের পাঁচটি অঞ্চলের গ্রামবাসীদের ভিড় জমে। ক্যাম্পে মোট ৫১টি পরিষেবা টেবিল রাখা হয়েছিল। সকাল থেকেই প্রায় প্রতিটি টেবিলেই পরিষেবা নিতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।ক্যাম্পে এসে পরিষেবা প্রদানকারী কর্মীদের সঙ্গে দেখা করেন ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। ক্যাম্পের কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষ কী ধরনের পরিষেবা পাচ্ছেন, তা নিয়েও খোঁজ নেন তিনি।ক্যাম্পে উপস্থিত ছিলেন ইন্দাস ২ নম্বর অঞ্চলের প্রেসিডেন্ট রাধামাধব দে, ইন্দাস মণ্ডল-১-এর সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ এবং বিডিও জুপিটার বিশ্বাস-সহ প্রশাসনিক ও স্থানীয় প্রতিনিধিরা।রাধামাধব দে জানান, ইন্দাস বিডিও ব্লকের অধীনে মোট পাঁচটি অঞ্চল রয়েছে। তাঁর দাবি, প্রতিদিন আনুমানিক ১০ হাজার গ্রামবাসী এই ক্যাম্পে পরিষেবা নিতে আসছেন। একই ব্যক্তির একাধিক সমস্যা এক জায়গা থেকে সমাধানের সুযোগ থাকায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।তিনি বলেন, “সেবা সেতু অভিযান হওয়ার ফলে গ্রামবাসীরা খুবই উপকৃত হচ্ছেন। একজনের তিন-চারটি করে সমস্যার সমাধানও এই ক্যাম্প থেকেই হয়ে যাচ্ছে। আমরা বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পে পরিষেবা দিয়ে যাচ্ছি।”এক ছাদের নিচে একাধিক সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় ইন্দাসের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্যাম্পে এসে নিজেদের প্রয়োজনীয় কাজ মেটাচ্ছেন। প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে দিনভর ক্যাম্পে ছিল ব্যস্ততা।