বৈদিক নববর্ষে মানবিক উদ্যোগ, খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে রক্তদান শিবিরে সাড়া!
অরিন্দম চক্রবর্তী : সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বৈদিক নববর্ষের দিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল DAV Model School প্রাঙ্গণে, IIT Kharagpur ক্যাম্পাসে। পঞ্চম বর্ষে পা রাখা এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু রক্তদাতা।এদিন মোট ১৬ জন রক্তদান করেন, যার মধ্যে ছিলেন ৮ জন মহিলা। বিক্রম সংবৎ বা বৈদিক নববর্ষ উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।
শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সুস্মিতা পানিগ্রাহী, Rashmi Metaliks-এর নির্দেশক ভাস্কর চৌধুরী, শিক্ষক মৃগেন্দ্র মিশ্র, শিক্ষিকা সায়ন্তনী দে সরকার, শিক্ষক দেবাশীষ রায় সহ অন্যান্য অতিথিরা।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল Kharagpur Sub-Divisional Hospital-এর একটি বিশেষ চিকিৎসক দল, যার নেতৃত্বে ছিলেন ডা. অভিষেক চ্যাটার্জি। সাত সদস্যের এই টিম সফলভাবে রক্ত সংগ্রহ করে। চিকিৎসকরা জানান, এদিন বিরল ‘এ’ গ্রুপের রক্ত ছয়জন দাতার কাছ থেকে পাওয়া গেছে, যা ভবিষ্যতে রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।সামগ্রিকভাবে, নববর্ষের শুভক্ষণে এই মানবিক উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল বলে মনে করছেন উপস্থিত সকলে।