ভোটের আগে মেদিনীপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, সুজয় হাজরার সমর্থনে INTTUC-র কর্মীসভায় ঐক্যের বার্তা!
সেখ ওয়ারেশ আলী : আগামী ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক সুজয় হাজরার সমর্থনে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হল। নির্বাচনের প্রাক্কালে দলীয় সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মী-সমর্থকদের এক ছাতার তলায় এনে ভোটযুদ্ধের প্রস্তুতি জোরদার করতেই এই সভার আয়োজন করা হয়।INTTUC মেদিনীপুর শহর শাখার উদ্যোগে মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ শহরের বিদ্যাসাগর হলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, সংগঠনের কর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।
সভা থেকে আসন্ন নির্বাচনে সুজয় হাজরাকে জয়ী করতে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানানো হয়।পাশাপাশি ভোটকে কেন্দ্র করে প্রচার কৌশল, বুথভিত্তিক প্রস্তুতি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত প্রতিটি এলাকায় সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।এদিন বড়তলা মিনি ট্রাক সংগঠনের পক্ষ থেকেও প্রার্থী সুজয় হাজরাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়া হয়। শুধু সমর্থনই নয়, প্রায় কুড়িটি সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জানানো হয়, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এই প্রসঙ্গে মিনি ট্রাক সংগঠনের সম্পাদক রামু বারিক জানান, তাঁরা ঐক্যবদ্ধভাবে সুজয় হাজরার পাশে থাকবেন এবং তাঁর জয় নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আসন্ন নির্বাচনে সুজয় হাজরার সমর্থনে তাঁরা সর্বতোভাবে মাঠে থাকবেন।ভোটের আগে এই কর্মীসভা যে মেদিনীপুরে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করল, তা বলাই বাহুল্য। এখন নজর, এই সাংগঠনিক শক্তি ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।