নৃত্যশিল্পীদের অনুপ্রেরণা দিতে মেদিনীপুরে পদ্মশ্রী মমতা শঙ্কর, সফল দু’দিনের কর্মশালা!
নিজস্ব সংবাদদাতা : নৃত্যচর্চার প্রসার এবং উদয় শঙ্কর নৃত্যধারার শিক্ষা ও প্রয়োগকে আরও বিস্তৃত করার লক্ষ্যে মেদিনীপুরের অন্যতম পরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘লাস্য ডান্স একাডেমি’-র উদ্যোগে সম্প্রতি শহরের অস্মিত পার্কে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী বিশেষ নৃত্য কর্মশালা। কর্মশালার মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত Mamata Shankar।এই কর্মশালার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তপস্বিনী ভট্টাচার্য্য এবং অভিজিৎ পিরি। পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতল— রাজ্যের বিভিন্ন জেলার নৃত্যশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। পাশাপাশি মেদিনীপুর শহরের একাধিক নৃত্য শিক্ষিকা ও তাঁদের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে যোগ দেন।দু’দিনের এই কর্মশালার মূল বিষয় ছিল উদয় শঙ্কর নৃত্যধারার কৌশল, শৈল্পিক উপস্থাপনা এবং আধুনিক প্রয়োগ। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা সরাসরি মমতা শঙ্কর ও তাঁর প্রশিক্ষিত শিল্পীদের কাছ থেকে নৃত্যের নানা সূক্ষ্ম দিক শেখার সুযোগ পান।
প্রায় ৭৫ জন নৃত্যশিল্পীর উপস্থিতিতে কর্মশালাটি এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। প্রশিক্ষণ পর্ব শেষে একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে মেদিনীপুরের বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব এবং শিক্ষা জগতের বহু গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা শঙ্কর মেদিনীপুরের সাংস্কৃতিক পরিবেশ, শিল্পচর্চার প্রতি মানুষের আগ্রহ এবং আয়োজকদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
মমতা শঙ্কর ও তাঁর ছাত্রছাত্রীরা জানান, মেদিনীপুরে এসে এমন উষ্ণ অভ্যর্থনা এবং নৃত্যশিল্পীদের উৎসাহ দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত। আগামী দিনে অংশগ্রহণকারী শিল্পীদের আরও সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদও জানান তাঁরা।নৃত্যচর্চার ক্ষেত্রে এই ধরনের কর্মশালা নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী ধারাকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন সাংস্কৃতিক মহলের বিশিষ্টজনেরা।