পঞ্চায়েত প্রধানদের কড়া বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, "কাজে ফিরুন, না হলে কঠোর ব্যবস্থা"

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পঞ্চায়েতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগের মধ্যে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী অভিযোগ করেন, বহু পঞ্চায়েতে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রধান ও উপপ্রধানরা নিয়মিত দায়িত্ব পালন করছেন না। এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানাবিধ প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ বলেন, "ভালো মানুষের মতো পঞ্চায়েতে ফিরে এসে দায়িত্ব পালন করুন। মাসের পর মাস বেতন নিয়ে কাজ না করলে তা মেনে নেওয়া হবে না। যদি কাজ করতে না পারেন, তাহলে পদত্যাগ করুন। শুধু পদ আঁকড়ে থেকে মানুষের ভোগান্তি বাড়াবেন না।"তিনি আরও বলেন, "ডিম নয়, এবার ইট মারা হবে", এই মন্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব এড়িয়ে চলা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনরোষের ইঙ্গিত দেন এবং দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।মন্ত্রী দাবি করেন, প্রধান ও উপপ্রধানদের অনুপস্থিতির কারণে জন্ম-মৃত্যু শংসাপত্র, আয় বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র-সহ বিভিন্ন প্রশাসনিক পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বর্ষার আগে রাস্তা মেরামত, সরকারি আবাসন প্রকল্প এবং অন্যান্য উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।দিলীপ ঘোষ বলেন, "আপনারা যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কারণ নেই। মানুষের জন্য কাজ করুন। কিন্তু যদি দায়িত্ব পালন না করেন, তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রয়োজনে পুলিশি সহায়তায় আপনাদের পঞ্চায়েতে নিয়ে এসে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।"উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনিক পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হচ্ছে।