পাঁশকুড়ায় ফুটবল উন্মাদনা, MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন SB XI Midnapore!

নিজস্ব সংবাদদাতা : পাঁশকুড়ায় জমজমাট পরিবেশে শেষ হল MLA CUP ২০২৬-এর মেগা ফুটবল টুর্নামেন্ট। রবিবার, ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনার লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়ে MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন হয় SB XI Midnapore।ফাইনাল ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে ভিড় জমান অসংখ্য ক্রীড়াপ্রেমী। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতি-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় একাধিক উদীয়মান ফুটবলারের অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে প্রাক্তন তারকা ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো-র উপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছিল।

ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।আয়োজকদের দাবি, তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের বিপুল উৎসাহ বাংলা ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহেরই প্রতিফলন।

তাঁদের আশা, MLA CUP-এর মতো প্রতিযোগিতা আগামী দিনে গ্রাম ও মফস্বল এলাকা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার পাশাপাশি রাজ্যের ফুটবল সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

শেষে SB XI Midnapore-এর হাতে ওঠে MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন ট্রফি। জয়কে ঘিরে দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস।