বাজেটে ক্ষোভ উগরে বিকাশ ভবন অভিযান পার্শ্বশিক্ষকদের, ধস্তাধস্তিতে উত্তেজনা!

অভিজিৎ সাহা : রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মাত্র ১ হাজার টাকা বেতন বৃদ্ধি ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানে নামলেন পার্শ্বশিক্ষকদের একাংশ। দীর্ঘদিন পর সামান্য বেতন বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে আন্দোলনকারীরা দাবি তুলেছেন, বেতন কাঠামোয় আরও বড় পরিবর্তন আনতে হবে। তাঁদের অভিযোগ, এত কম বৃদ্ধি তাঁদের প্রতি ‘অপমানজনক’ আচরণ।

আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৮ সালে পার্শ্বশিক্ষকদের বেতন ১০ হাজার টাকা করা হলেও এরপর দীর্ঘ আট বছর কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। ফলে নতুন বাজেটে মাত্র ১ হাজার টাকা বৃদ্ধি তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিকাশ ভবনের সামনে জমায়েত শুরু হয় এবং পরে মিছিল পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশ সূত্রে জানা যায়, ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। যদিও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, ভোটের আগে ঘোষিত অন্তর্বর্তী বাজেটে প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক-সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতায় ১,০০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০২৬ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় ৬০ বছরের আগে মৃত্যু হলে নিকট আত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। এই খাতে মোট ১১০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে।