সরকারি টাকার অপচয়ের অভিযোগ, আসানসোল পুরনিগমের কেন্দ্রীয় স্টোরে হানা অগ্নিমিত্রা পালের!
নিজস্ব সংবাদদাতা : আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে কোটি কোটি টাকার সাফাই সরঞ্জাম ও যানবাহন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ঘটনা সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সরকারি অর্থের অপচয় এবং প্রশাসনিক অব্যবস্থার এক উদ্বেগজনক চিত্র প্রত্যক্ষ করেন।মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কেনা আধুনিক সাফাই গাড়ি, স্প্রিংক্লার, ময়লা বহনের যান, সাইকেল ভ্যান এবং হাজার হাজার ডাস্টবিন বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে দেখা যায়। বহু নতুন গাড়ির এখনও রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট পর্যন্ত করা হয়নি।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জবাবদিহি চান মন্ত্রী। বিএস-৩ ইঞ্জিন সংক্রান্ত বিধিনিষেধের কারণ দেখানো হলেও, কেন বারবার টেন্ডার ডেকে কেনা সামগ্রী ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।পরিদর্শনের সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে।
স্টোরে বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী, বিশেষ করে প্রায় দুই হাজার জোড়া গামবুট মজুত থাকলেও পুরনিগমের সাফাইকর্মীদের অনেকেই গ্লাভস, জুতো বা বর্ষাতি ছাড়াই নর্দমা ও আবর্জনা পরিষ্কারের কাজ করছেন। এই পরিস্থিতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী কটাক্ষ করেন, কর্মীদের জন্য বরাদ্দ সুরক্ষা সামগ্রী কি ব্যবহার না করে শুধু মজুত রাখার জন্যই কেনা হয়েছিল?ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল স্টোরে থাকা সমস্ত সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা এবং সেগুলির দ্রুত ব্যবহারের পরিকল্পনা সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি, বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ে কেনা এই সামগ্রী কেন সাধারণ মানুষের কাজে লাগানো হয়নি এবং এর পেছনে কোনও আর্থিক অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বৃহত্তর তদন্তেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।