প্রবল বৃষ্টিতে জলমগ্ন আসানসোল! হাঁটুজলে ভোগান্তি, ব্যাহত যান চলাচল ও জনজীবন!

নিজস্ব সংবাদদাতা : টানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোলের একাধিক নিচু এলাকা। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় জমেছে জল। কোথাও কোথাও হাঁটুসমান জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।জলাবদ্ধতার জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলেও তৈরি হয়েছে সমস্যা। অফিস, স্কুল এবং জরুরি কাজে বের হওয়া মানুষকে বাধ্য হয়ে জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েক ঘণ্টায় আসানসোলের পরিস্থিতি আরও খারাপ হয় কি না, সেদিকেই নজর রয়েছে।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের ৮৬ নম্বর ওয়ার্ড, মহিশীলা কলোনির দক্ষিণপাড়ায় দুর্ভোগ

প্রশাসনের তরফে নিচু এলাকা ও জলমগ্ন রাস্তায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি জল নিষ্কাশনের বিষয়েও তৎপরতা শুরু হয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়া আসানসোল উত্তরের বাসিন্দাদের জরুরি সহায়তার জন্য ‘Krishnendu Mukherjee Connects Helpline’ চালু রাখার কথা জানানো হয়েছে। প্রয়োজনে ৯৫৯৩২২২২৫৫ নম্বরে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।