আসানসোল উত্তরে ধাক্কা! ১১৬১৫ভোটে পরাজিত মলয় ঘটক, ফলের পর বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি!

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের ফল প্রকাশ ঘিরে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক সেই সময়ই বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মলয় ঘটক। আসানসোল উত্তর কেন্দ্র থেকে তিনি ১১৬১৫ ভোটে পরাজিত হয়েছেন। একসময় রাজ্যের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানো মলয় ঘটক গত পাঁচ বছরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। বিশেষ করে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর সিবিআই কর্তৃক ফিরহাদ হাকিম-সহ চার নেতাকে গ্রেফতার করা এবং সেই সময় নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি—এই পুরো ঘটনায় আদালতে উপস্থিত থেকে বিতর্কের কেন্দ্রেও ছিলেন তিনি।এবারের নির্বাচনে ফলাফল ঘোষণার দিনেও উত্তেজনার চিত্র সামনে আসে। কাউন্টিং সেন্টার থেকে বের হওয়ার সময় মলয় ঘটককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শোনা যায় ‘চোর চোর’ স্লোগান, যা পরিস্থিতিকে আরও তপ্ত করে তোলে।পরাজয়ের কারণ জানতে চাওয়া হলে মলয় ঘটক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,“মানুষ ভোট দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। তবে এই ফলাফলের কারণ আমাদের খতিয়ে দেখতে হবে।”রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল শুধু একটি আসনের হার-জিত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তাও বহন করছে। এখন দেখার, এই পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস কীভাবে নিজেদের সংগঠন ও কৌশল পুনর্বিন্যাস করে।