২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে আসানসোলে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’, সামিল শত শত পড়ুয়া!
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসকে সামনে রেখে সরকারি উদ্যোগে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। বিশাল ২০০ ফুটের জাতীয় পতাকা ছিল এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক গান, জাতীয় পতাকা ও দেশপ্রেমের স্লোগানে কার্যত উৎসবের চেহারা নেয় শহরের রাজপথ।আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্রভবন থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। ভগত সিং মোড় হয়ে পোলো গ্রাউন্ডে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার, আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং বারাবনির বিধায়ক অরিজিৎ রায়।
এদিন বিভিন্ন স্কুলের শত শত ছাত্রছাত্রী জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। দেশাত্মবোধক গান ও স্লোগানের পাশাপাশি পড়ুয়াদের একাংশ ভারতমাতা এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর সাজে মিছিলে যোগ দেয়। শোভাযাত্রা দেখতে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড়ও জমে ওঠে।পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রঙ্গোলি কর্মসূচি হয়েছে এবং এদিন তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান তিনি।আসানসোল উত্তর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দাবি, মানুষের মধ্যে জাতীয়তাবোধ আরও বেড়েছে। হাজার হাজার মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।স্বাধীনতা দিবসের আগে শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে ‘তিরঙ্গা যাত্রা’ ও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। জাতীয় পতাকা উত্তোলন, রঙ্গোলি-সহ একাধিক কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে দেশজুড়েই।