ডেবরায় রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতার আসর, দুই দিনে অংশ নিলেন প্রায় ৭৫০–৮০০ প্রতিযোগী!

নিজস্ব সংবাদদাতা : যোগচর্চা, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতা। শনিবার ও রবিবার, ১০ ও ১১ অক্টোবর আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিন প্রায় ২০০ জন এবং দ্বিতীয় দিন প্রায় ৫৫০ থেকে ৬০০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন।রাধামোহনপুর ফিনিক্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং শান্তি যোগ দর্শনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় প্রদীপ প্রজ্জ্বলন এবং ‘ওঁ সহ নাববতু, সহ নৌ ভুনক্তু’ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সংবাদদাতা সমীরণ ভৌমিক। উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও যোগা থেরাপিস্ট ডা. ইন্দ্রানী হাইত, যোগা বিচারক সুচরিতা কর্মকার এবং যোগা বিশেষজ্ঞ মিতা কর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যোগা বিশেষজ্ঞ বিশাল সমাদ্দার।রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিএমওএইচ ডা. সুচিস্মিতা মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো, ডেবরা থানার ওসি পলাশ কুইলা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস।

পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যস্তরের যোগা বিচারক শুভাশিস মাইতি, তপন চন্দ, তোতন রায়, সুজাতা মিত্র ও হাবিবুর রহমান।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতার মধ্য দিয়ে যোগাসনের বিভিন্ন কৌশল, শারীরিক সক্ষমতা, ভারসাম্য ও নিয়মানুবর্তিতার পরিচয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা।যোগচর্চার প্রসার, সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে যোগাসনের প্রতি উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। রাজ্যস্তরের এই প্রতিযোগিতা ডেবরায় যোগচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।