পশ্চিম মেদিনীপুরে বেলদায় জাতীয় সড়কে রক্তাক্ত রাত! ট্রাক্টর-ট্যাঙ্কার সংঘর্ষে চালক গুরুতর জখম, দীর্ঘক্ষণ গাড়ির ভেতরেই আটকে!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে খড়গপুর–বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা। শুক্রবার রাত, ২৭ ফেব্রুয়ারি, পশ্চিম মেদিনীপুরে বেলদা থানার ইসকন মন্দির সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাক্টর ও একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার পর ট্যাঙ্কারের কেবিনেই দীর্ঘক্ষণ আটকে পড়ে থাকেন তিনি, সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে একটি ট্যাঙ্কার খড়গপুরের দিকে আসছিল।
সেই সময় সামনের একটি বালি বোঝাই ট্রাক্টরকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্যাঙ্কারটি। ধাক্কার জেরে ট্যাঙ্কারটি জাতীয় সড়ক থেকে ছিটকে নিচে নেমে যায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে চালক কেবিনের ভেতরেই আটকে পড়েন এবং নিজে থেকে বেরোতে পারেননি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উদ্ধারকাজে আনা হয় জেসিবি। দীর্ঘ চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার থেকে আহত চালককে উদ্ধার করে তড়িঘড়ি বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ দুটি ক্ষতিগ্রস্ত গাড়িকেই সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কী কারণে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ।