সবংয়ে মানস ভুঁইয়ার সমর্থনে মেগা রোড শো, প্রচারে তারকা চমক কোয়েল মল্লিক!
অরিন্দম চক্রবর্তী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবংয়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার। রবিবার, ১২ এপ্রিল সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা এলাকার ভূমিপুত্র মানস ভুঁইয়া-র সমর্থনে অনুষ্ঠিত হল বিশাল মেগা রোড শো। সবং ব্লকের কাটাখালি থেকে তেমাথানি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তা জুড়ে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই প্রচার কর্মসূচি।রোড শো-কে ঘিরে সবং জুড়ে ছিল উৎসবের আবহ। পথের দু’ধারে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি নজর কাড়ে।
এ দিনের প্রচারে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক। খোলা গাড়ি থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।সংক্ষিপ্ত বক্তব্যে কোয়েল বলেন, “আপনাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে এলাকায় উন্নয়ন হয়েছে। মানসবাবু এই কেন্দ্র থেকে আটবার জয়ী হয়েছেন। নবমবারও তাঁকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত আরও শক্ত করুন।”প্রার্থী মানস ভুঁইয়াও এ দিন আত্মবিশ্বাসী সুরে বলেন, “শান্তি মানে মমতা, শান্তি মানে জোড়া ফুল, শান্তি মানে মা-মাটি-মানুষ।
তাই বাইরে থেকে এসে ধুলো উড়িয়ে রাজনীতি করতে আসা কাউকে নয়, নিজের এলাকার মানুষকেই আশীর্বাদ করুন। আগামী ২৩ এপ্রিল ৪ নম্বর বোতাম টিপে এই ভাইটাকে জেতান।”তিনি আরও জানান, আগামী ১৭ এপ্রিল সবংয়ের নির্বাচনী প্রচারে আসছেন যুবনেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। ফলে আগামী প্রচারসভা ঘিরেও এখন থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।সব মিলিয়ে, সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে এ দিনের মেগা রোড শো যে তৃণমূল শিবিরে নতুন উদ্দীপনা জুগিয়েছে, তা বলাই যায়।