জুলাইয়ে প্রশিক্ষণ, আগস্টে স্ব-তথ্য নিবন্ধন! জনগণনা নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রশাসনের বড় প্রস্তুতি!
সেখ ওয়ারেশ আলী : আসন্ন জনগণনা কার্যক্রমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে জনগণনা দপ্তরের উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। একইসঙ্গে জনগণনা কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা হয়।
প্রশিক্ষণ শিবিরে জনগণনার বিধি-বিধান, তথ্য সংগ্রহের পদ্ধতি, ডিজিটাল তথ্য সংরক্ষণ, প্রশাসনিক দায়িত্ব এবং মাঠপর্যায়ে কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধিকারিকদের প্রতিটি তথ্য যথাযথভাবে সংগ্রহ, যাচাই এবং নির্ভুলভাবে নথিভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, সেন্সাসের জয়েন্ট ডিরেক্টর সায়ন্তিকা বসু-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
জেলাশাসক জানান, চলতি জুলাই মাসের মধ্যেই জনগণনা-সংক্রান্ত সমস্ত প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে Self Enumeration Campaign (স্ব-তথ্য নিবন্ধন কর্মসূচি)। এই পর্যায়ে সাধারণ মানুষ নির্ধারিত পদ্ধতিতে নিজেরাই অনলাইনে বা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন।
এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে House Listing Operation (গৃহতালিকা প্রস্তুতি)-এর কাজ করবেন। এই পর্যায়ে প্রতিটি পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা হবে।জেলাশাসক বিজিন কৃষ্ণা আরও জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে জনগণনার মূল গণনা পর্ব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যেই নির্ধারিত সময়সূচি মেনে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের আশা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মীদের সহযোগিতায় এবার জনগণনা কার্যক্রম আরও নির্ভুল, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।