লোধাপাড়ায় শারদীয় বস্ত্র বিতরণ, ৯০ মহিলার হাতে নতুন শাড়ি—শিশুদেরও শিক্ষাসামগ্রী উপহার!

নিজস্ব সংবাদদাতা : স্বামী বিবেকানন্দের ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ বাণীকে পাথেয় করে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালিয়াচাটি গ্রামের লোধাপাড়ায় শারদীয় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করলেন ‘আমারকার ভাষা আমারকার গর্ব সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি পরিবার’-এর সদস্যা রীতা দাস দত্ত।রবিবার দুর্গাপুজোর প্রাক্কালে ৯০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক পুলকেশ ভক্তা, সমীর সিট, দেবাশিস খিলারি, মিঠুন পাত্র-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই মানবিক উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।পাশাপাশি ৬০ জন ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম ও চকলেট দেওয়া হয়। মহিলাদের ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে প্রায় ৩০০ জনের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়।সুবর্ণরৈখিক পরিবারের পক্ষ থেকে বিশ্বজিৎ পাল জানান, পুজোর আনন্দ সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রীতা দাস দত্ত লোধা সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে জানান, প্রতি মাসে গ্রামে এসে তাঁদের সমস্যার কথা শুনবেন এবং সমাধানের জন্য প্রশাসনের নজরে আনার চেষ্টা করবেন।