বেলদায় মোদির মহাসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টার ট্রায়াল—চরম উত্তেজনা এলাকায়!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে ১৯ এপ্রিল নারায়ণগড়ের বেলদায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলদা স্টেডিয়াম সংলগ্ন বিস্তীর্ণ মাঠে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।শুক্রবার দিনভর সভাস্থলে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সভাস্থলের পাশেই তৈরি তিনটি অস্থায়ী হেলিপ্যাডে সফলভাবে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এতে প্রশাসন ও নিরাপত্তা মহল অনেকটাই আশ্বস্ত।এই জনসভা নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি এবং কেশিয়াড়ির প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে আয়োজিত হচ্ছে। হাতে সময় কম থাকায় জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বকে এদিন সভাস্থলে উপস্থিত থেকে প্রস্তুতি তদারকি করতে দেখা যায়।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও জেলা পুলিশের আধিকারিকরা একাধিক দফায় তল্লাশি চালিয়ে পুরো এলাকা ঘিরে ফেলেছেন কড়া নজরদারিতে। সভাস্থল ও আশপাশের এলাকাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগড়, কেশিয়াড়ি এবং পার্শ্ববর্তী এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন এই সভার দিকে—প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কী বার্তা দেন, সেটাই হতে পারে নির্বাচনী সমীকরণে বড় ফ্যাক্টর।